নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ১০:৫০ এএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের কৃতিসন্তান রোটারিয়ান মুবিনুল হকের ৪২তম জন্মদিন আজ।
খ্যাতিমান শিক্ষক মরহুম মাস্টার জাফর আহমদের ঘর আলোকিত করে ১৯৭৯ সালের আজকের এইদিনে পুইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
নিজ গ্রামের পুইছড়ি সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রামের বাইতুশ শরফ কামিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের আশা নিয়ে পাড়ি জমান রাজধানী ঢাকায়। সেখানে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাস করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ শেষ করে অধ্যায়নের বিভাগ পরিবর্তন করে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ের উপর বি বি এ, এম বি এ সমাপ্ত করেন।
পেশাগত জীবনে মুবিনুল হক এবি নেটওয়ার্কের ব্যবস্থাপক, এমডিসির প্রথম প্রকল্প ব্যবস্থাপক এবং সর্বশেষ ইউনি গ্রুপ অব কোম্পানিজের হেড অব মার্কেটিং হিসেবে দীর্ঘ ১৪ বছর সফলতার সাথে বিপণন বিভাগে এক কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি স্মার্ট লেভেল বিডি, নোবাইদ এক্সেসরিজ, মি. ওয়াটারসহ বিভিন্ন কোম্পানির সত্ত্বাধিকারী।
রোটারিয়ান মুবিনুল হক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তৎমধ্যে রোটারি ইন্টারন্যাশনাল ডি-৩২৮২ বাংলাদেশ এর ডেপুটি গভর্নর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সদস্য, সাহিক চট্টগ্রামের আজীবন সদস্য, বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের আজীবন সদস্য, চট্টগ্রাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্য চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আজীবন সদস্য হিসেবে আছেন।
তার নিজ গ্রাম পুইছড়িতে নানান সামাজিক কাজে অংশগ্রহণ করে এলাকাকে এগিয়ে নিচ্ছেন নিঃস্বার্থভাবে।
এদিকে আজকের এইদিনে রোটারিয়ান মুবিনুল হক দেশবাসীর কাছে তার মা-বাবা ও এলাকার মুরব্বিদের জন্য দোয়া চেয়েছেন।
এমবিইউ/আরএইচ
