নবজাতকটি পড়ে ছিল পতেঙ্গার ডাস্টবিনে, উদ্ধার করল পুলিশ

আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০২১ ৭:০৬ অপরাহ্ন

বাঁ থেকে উদ্ধারকারী পুলিশ সদস্য শফিউল এবং  নবজাতক শিশুটি

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৭:০০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে ডাস্টবিনে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খালপাড় রোডের চেয়ারম্যান গলির সোলেমান মিয়ার বাড়ির সামনের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আজ বিকেলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে নগরের বায়েজিদের রৌফাবাদের ছোট মনি নিবাসে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করেন পতেঙ্গা থানার এএসআই শফিউল আলম। শুনানি শেষে আদালত শিশুটিকে ছোট মনি নিবাসে রাখার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, ‘সকালে স্থানীয়দের ফোন পেয়ে খালপাড় রোডের সোলেমান মিয়ার বাড়ির সামনের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে মোবাইল টিম।’

বর্তমানে শিশুটিকে কোর্ট হয়ে রৌফাবাদের ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জোবায়ের।

সিএস/আরএইচ