নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৩:২০ এএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় বিনা অনুমতিতে কর্ণফুলী চ্যানেলে ডুবে যাওয়া জাহাজ এনে সাগরের কিনারায় ক্লিংকার বর্জ্য ফেলা ও মেরামত করার দায়ে জাহাজের মালিকানা প্রতিষ্ঠান এবং দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মুসলিমাবাদ সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ নোটিশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবুল মনসুর।
নোটিশপ্রাপ্তরা হলেন— চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত আবুল খায়ের ক্যারিয়ার লিমিটেড এবং ঠিকাদার প্রতিষ্ঠান পিএস স্যালভেজ কোম্পানির দুই ঠিকাদার আশরাফুল আলম মাসুদ ও অমল চন্দ্র দাস।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুর বলেন, ‘বিনা অনুমতিতে কর্ণফুলী চ্যানেলে ডুবে যাওয়া জাহাজ এনে সাগরের কিনারায় ক্লিংকার বর্জ্য ফেলা ও মেরামত করার দায়ে আবুল খায়ের ক্যারিয়ার লিমিটেড ও ঠিকাদার প্রতিষ্ঠান পিএস স্যালভেজ কোম্পানির দুই ঠিকাদার আশরাফুল আলম মাসুদ ও বাবু অমল চন্দ্র দাসকে নোটিশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে একইস্থানে আরেকটি জাহাজ মেরামত করার দায়ে তাদেরকেও দ্বিতীয়বার নোটিশ দেওয়া হবে। শুনানিতে না আসলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হবে।’
আগামী ৭ ফেব্রুয়ারি এ নোটিশের শুনানিতে তাদের হাজির হতে বলা হয়েছে এবং সেখানে তাদেরকে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
সিএস
