নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১ সোমবার ১১:০০ পিএম
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হতে যাচ্ছে আলকরণ ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন— জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে তারেক সোলেমান সেলিমের মৃত্যুর পর এ তথ্য জানান তিনি।
মো. হাসানুজ্জামান বলেন, ‘আলকরণ ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এ তথ্য নির্বাচন কমিশনকেও জানিয়েছি। নির্বাচন কমিশনের প্রতিবেদন পেলে আমরা ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করবো।’
‘নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন কোনো প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করেন। আশা করি দ্রুত সময়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত প্রতিবেদনের মাধ্যমে জানাবে। কমিশন থেকে প্রতিবেদন পেলেই আমরা ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত আদেশ জানিয়ে দিবো।’— যোগ করেন তিনি৷
প্রসঙ্গত, ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত হলেও মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন পূর্ব নির্ধারিতি আগামি ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এমএ/সিএস
