নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ নভেম্বর, ২০২০ সোমবার ০১:০০ পিএম
ওরা দুইজন রোহিঙ্গা দম্পতি। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল সুকৌশলে। মাদক ব্যবসার উদ্দেশে নগরের চান্দগাঁও থানা এলাকায় ভাড়া বাসা নিয়েছিল এই দম্পতি।- এমন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে চান্দগাঁও আবাসিকের এলাকার ব্লক-বি এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুইজন হলো- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওই রোহিঙ্গা দম্পত্তি জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে দিচ্ছিলো। পরে তাদের আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা দম্পতি জানায়, তারা মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল।’
‘আটক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দুটি পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।’- যোগ করেন তিনি।
আরএইচ/সিএস
