আনোয়ারায় ৫২ বছরের বৃদ্ধের লালসার শিকার চার বছরের শিশু

আপডেট: ৭ নভেম্বর ২০২০ ৫:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ নভেম্বর, ২০২০ শনিবার ০৫:২৪ পিএম

চার বছরের ছোট্ট মেয়ে সুমাইয়া (ছদ্মনাম)। সন্ধ্যায় খেলছিলো বাড়ির পাশেই। ছোট্ট এই শিশুর ওপর কুদৃষ্টি পড়ে প্রতিবেশি এক বৃদ্ধের। শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় সুযোগ বুঝে ধর্ষণের ফন্দি আটে বৃদ্ধ। বিস্কুট খাওয়ানোর কথা বলে সুমাইয়াকে ডেকে নিয়ে যায় পাশের নির্জন ঘরে, আর মেটায় নিজের লালসা।- এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গুচ্ছগ্রাম এলাকায়।

শনিবার (৭ নভেম্বর) অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ফেরদৌসকে (৫২) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।

গ্রেফতার মো. ফেরদৌস উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বিস্কুট খাওয়ানোর কথা বলে নির্জন ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। ঘটনার পর শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান তাকে ধর্ষণ করা হয়েছে।

শিশুটির মা সিটিজিসানকে বলেন, ‘সন্ধ্যায় আমি প্রতিদিনের মতোই বাড়ির কাজ-কর্ম করছিলাম। হঠাৎ দেখি আমার মেয়ে নেই। না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে আমার ননদ তাকে ওই বৃদ্ধের কোলে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে আমি স্থানীয় মেম্বারকে বিষয়টি জানাই। পরে তিনি আমাদের থানায় যাওয়ার পরামর্শ দেন।’

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. ফেরদৌসকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।’

আরএইচ/সিএস