সিঅ্যান্ডএফ কর্মচারী লাঞ্ছিত, কাজ বন্ধ চট্টগ্রাম কাস্টমসে

আপডেট: ২ নভেম্বর ২০২০ ৬:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০৬:২০ পিএম

চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক কর্মকর্তা একজন সিঅ্যান্ডএফ কর্মচারীর গায়ে হাত তুলে লাঞ্ছিত করার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। এসময় হাউসের চারপাশে মিছিল করতে থাকেন তাঁরা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্ক কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে হোম বাউন্ড সিএন্ডএফ এজেন্টের কর্মচারী তরুণ বডুয়া নাজেহাল হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর সিঅ্যান্ডএফ কর্মচারীরা একযোগে শুল্কায়ন ও পণ্য ছাড় সংক্রান্ত নথি জমা দেওয়াসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে চিটাগাং কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ‘আমার কর্মচারীর গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। এ সাহস তাঁরা কোথায় পান। আজ আমাদের ব্যবসা হারাচ্ছি। চট্টগ্রামে ৪ ডলার হয় ঢাকায় যদি ৬ ডলার হয় আমরা দিতে রাজি আছি। সারা দেশে অভিন্ন মূল্য ধরতে হবে।’

বাচ্চু বলেন, ‘কথায় আছে-হাকিম নড়ে তো হুকুম নড়ে না। চট্টগ্রাম কাস্টম হাউসে হুকুম নড়ে যায়। আমরা হয়রানির শিকার হচ্ছি। হয়রানির নিত্যনতুন কৌশল আবিষ্কার করা হচ্ছে। প্রতিদিন চালান লক করা হচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট, শতভাগ চালান পরীক্ষা করেন কোনো আপত্তি নেই। হয়রানি করা যাবে না। যে চোর, জালিয়াত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। পেপার সাবমিট করার সঙ্গে সঙ্গে বলা হয়, মূল্য কম। ডেলিভারিতে বলা হয়, পণ্য বেশি আছে।’

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু  বলেন, ‘শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন। সামগ্রিক পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফখরুল ইসলাম সিএন্ডএফ সংশ্লিষ্টদের বৈঠকে ডেকেছেন।’

সিএস