বাঁশখালীতে ১১ বছরের শিশুকে চারবার ধর্ষণ, ধরা মাদরাসা শিক্ষক

আপডেট: ২ নভেম্বর ২০২০ ২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০২:১০ পিএম

চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মোজাম্মেল হক বাঁশখালীর চাম্বল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ধর্ষণের শিকার ওই শিশুও একই এলাকার বাসিন্দা।

এর আগে গত ১৯ অক্টোবর এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন। ওই মামলায় মো. মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘মক্তবে পড়ানোর ফাঁকে ১১ বছরের শিশুকে চার চারবার ধর্ষণ করে শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় তাকে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরএইচ