নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ ০৩:০০ পিএম
থানায় নির্যাতনের মামলা করায় স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে তোলা ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে স্বামী ও তাঁর সহযোগিরা। আবার ওই ছবির কমেন্ট সেকশনে বাজে মন্তব্যের ঝড় তুলছে ওই নির্যাতিত গৃহবধূর স্বামীর সহযোগীরা। এদিকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকিও।- এমন অভিযোগ চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা গৃহবধূ নাজেহাদ ফারজানার (২৭)।
গত বুধবার (২৮ অক্টোবর) রাতে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন তিনি।
অভিযুক্তরা হলেন- নাজেহাদ ফারজানার স্বামী রাঙ্গুনিয়ার সফরভাটা এলাকার মাওলানা গ্রামের মায়া বড় বাড়ির আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ জালাল উদ্দিন, একই গ্রামের লম্বা মাথার বাড়ির আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ সাহেদ এবং সরফভাটার হাজারি খিলের শাহাজাহান সিকদারের পুত্র মোহাম্মদ মুসলিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে স্বামীর পরিবারের লোকজন গৃহবধু নাজেহাদ ফারজানা ও তাঁর ৮ বছরের শিশুকে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় সম্প্রতি রাঙ্গুনিয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১ (৩০) ধারায় স্বামী জালাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বাদি নাজেহাদ ফারজানা জানান, মামলা করার পর থেকেই তাঁর স্বামী মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নেয়ায় তাঁর স্বামী জালাল উদ্দিন ও সাহেদ ইভেন এবং মোহাম্মদ মুসলিম নামের ফেসবুক একাউন্ট থেকে ফারজানার দাম্পত্য জীবনে তোলা ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তাঁদের সহযোগিরা বাজে মন্তব্যও করছেন।
তিনি জানান, বিষয়গুলো উল্লেখ করে গত ২৮ অক্টোবর রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগ নম্বর-১৩৪৩।
এদিকে মামলায় অভিযুক্ত সাহেদ ও মুসলিম প্রকাশ্যে এলাকায় ঘুরছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। কিন্তু পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারছে না বলে অভিযোগ করেছে ফারজানার পরিবার।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘আসামিরা আত্মগোপনে রয়েছেন। গ্রেফতারের চেষ্টা চলছে।’
জেইউএইচ/আরএইচ
