সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ শুক্রবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটের সহস্রধারা লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ঔই পর্যটকের নাম মাহফুজ বিন ইকবাল (২৬)। ঢাকা থেকে সীতাকুন্ডে ঘুরতে এসেছিলেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার সময় ফায়ার সার্ভিস ডুবুরী দল লাশটি উদ্ধার করে। এর আগে দুপুরে বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারহাট সহস্রধারা লেকে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।
মাহফুজ বিন ইকবাল নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম ইকবালের বাড়ির জাফর ইকবাল এর পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুর দুইটার সময় ঢাকার রামপুরা পূর্ব হাজী পাড়া থেকে ৬জনের একটি দল ছোট দারগারহাট সহস্রধারা দেখতে এসে ঝর্নায় গোসল করতে গেলে স্রোতে মাহফুজ নামের এ পর্যটক পানিতে ভেসে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের তিন ঘন্টা পর ডুবুরী দল মাহফুজের মৃতদেহ উদ্ধার করে।
এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘ঔই পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর সেখানে উদ্ধার অভিযান চলে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তিন ঘন্টা পর ঔই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।’
এনএকে/আরএইচ
