নির্মানাধীন ভবনে জমে থাকা পানিতে ভাসছিলো শিশুর অর্ধগলিত লাশ

আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ৬:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৬:৩০ পিএম

চট্টগ্রামের হালিশহর থানার ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকায় বেড়াতে এসে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে ওই শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ওই শিশুর লাশটি উদ্ধার করে হালিশহর থানা পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ফয়সাল মেহরাব আরিয়ান নামের একটি ছয় বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে লাশটি ভেসে উঠায় স্থানীয় লোকজন আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার  করি।’

তিনি আরো বলেন, ‘শিশুটি ঢাকায় থাকতো। গত দুই মাস আগে তারা তার নানার বাড়িতে বেড়াতে আসে। তার নানার বাড়ি শাপলা আবাসিক এলাকায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।’

থানা পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ি বেড়াতে এসে হালিশহর থানা এলাকার নির্মাণাধীন একটি ভবনের জমে থাকা পানি থেকে অর্ধ-গলিত অবস্থায় পড়েছিলো ৬ বছরের শিশু আরিয়ান। নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরনে একটি গেঞ্জি ও হাফ প্যান্ট পড়া ছিল।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়েই সিআইডির একটি দল ঘটনাস্থলে গেছেন। লাশের সুরতাল প্রতিবেদন ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তদন্ত শেষে মৃত্যুর কারণ ও কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে জনিয়েছেন সিআইডি চট্টগ্রাম (মেট্রো) বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

শিশির