নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৭:৪০ পিএম
চট্টগ্রাম শহর থেকে চকরিয়া উপজেলায় গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে এক কিশোরী গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টায় ধর্ষণের এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতার দুই ধর্ষক হলো— বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে আবুল বশর (৪৫) ও পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. জমির (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়ার পূর্ব বড় ভেওলার জনৈক দিনমজুরের কিশোরী কন্যা চট্টগ্রাম শহরে এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।
গত ১৮ই অক্টোবর গৃহপরিচারিকার কাজটি পাইয়ে দেন ধর্ষক বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে আবুল বশর (৪৫)।
গত সোমবার বিকালে বাসার গৃহকর্তা মহিউদ্দিন ওই কিশোরীকে বিদায় করে দিলে আবুল বশর ওই কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বাঁশখালী সড়ক হয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৯টার দিকে বাঁশখালীর প্রেমবাজারে চা-নাস্তা করার কথা বলে গাড়ি থেকে ওই কিশোরীকে নামিয়ে নিয়ে যায় আবুল বশর।
পরে পুঁইছড়ির হাব্বান আলী সড়ক ধরে হাঁটা শুরু করে। এসময় মো. জমির নামে আরো একজনকে সঙ্গে নেয় সে। এরপর রাত ১০টার দিকে ফসলি জমিতে নিয়ে গিয়ে দুজনই কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় ধর্ষিতার চিৎকারে গ্রামবাসী কিশোরীকে উদ্ধার করলেও ধর্ষকরা পালিয়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মামলার ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক দীপক সিংহের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
শিশির/সিএস
