নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৩:০০ পিএম
চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের এক যাত্রীর পকেটে ৪২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার আগে বিদেশি মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম রাকিবুল ইসলাম। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন বলেন, ‘আটক যাত্রীর কাছ থেকে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আরব আমিরাতের ৪২ হাজার দিরহাম উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৪২ লাখ টাকার সমান।’
তিনি বলেন, ‘ওই যাত্রীর কাছে যে বিদেশি মুদ্রা পাওয়া গেছে, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। তাই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে গত ২৪ অক্টোবর একই বিমানবন্দরে ৪১ লাখ টাকার সমমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছিল। বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাঁরা আটক হন। ওই দুই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
আরএইচ/সিএস
