স্ত্রীকে অন্যের সাথে ঘুরতে দেখে অভিমানে প্রাণ দিল স্বামী

আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ৫:১০ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৪:৩০ পিএম

প্রায় ৪ বছর ধরে চলছিলো স্ত্রীর সাথে মনমালিন্য। যার ফলে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে থাকা শুরু করে। এরই মধ্যে শুরু হয় দুর্গোৎসব। উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয়াদশমীর দিনে প্রতিমা বিসর্জন দিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে সেখানে নিজের স্ত্রীকে অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে অভিমানে নিজের প্রাণ দিল স্বামী।— এমন ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জেলে পাড়ার নিজ বাসা থেকে ওই যুবকের গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম রামপদ দাশ (২৮)৷ সে একই এলাকার শিব দাশের পুত্র।

জানা যায়, প্রায় ৪ বছর ধরে মনমালিন্য চলছিলো রামপদের স্ত্রীর সাথে। স্ত্রী নগরীর পতেঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিল। গতকাল সোমবার বিজয়াদশমী’র দিনে প্রতিমা বিসর্জন দিতে রামপদ দাশ পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলে সেখানে তার স্ত্রীকে অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে। এ অবস্থায় সে বাড়িতে এসে রাতে অভিমানে ঘরের বীমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়।

সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই আজহার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সলিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন বলেন, ‘মৃত রামপদ দাশের স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের কলহের কারণে সে অভিমানে আত্নহত্যা করে। ঘটনা জানার পর আমি থানায় অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

এনএকে/আরএইচ