নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৬:২০ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোশারফ হোসেন নামে এক দালালকে আটক করেছে কতৃপক্ষ। সে মেডিকেলে আসা রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করতো বলে জানিয়েছে কতৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে এই দালালকে ধরা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর। পরে তালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক মোশারফ হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকায়।
কতৃপক্ষ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে ওষুধের স্লিপ নিয়ে চড়াদামে ওষুধ কিনে দিত।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর বলেন, ‘মঙ্গলবার মোশারফ নামে এক দালালকে গাইনী ওয়ার্ড থেকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। হাসপাতাল দালালমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ‘গাইনী ওয়ার্ড থেকে এক দালালকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরিতে।’
‘তিনি রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেন। হাসপাতাল দালাল নির্মূলের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এখন থেকে প্রতিদিনই এই অভিযান অব্যাহত থাকবে।’— যোগ করেন তিনি।
আরএইচ
