নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ অক্টোবর, ২০২০ সোমবার ০৫:০০ পিএম
বান্দরবান জেলার লামার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশ্ববর্তি উপজেলা চকরিয়ায় বোনের বাড়িতে যাওয়ার সময় পূর্বপরিচিত শওকত হোসেন (২২) নামের এক যুবক তাকে রাস্তা থেকে একটি বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। সেসময় কিশোরীর আত্মচিৎকারে বাগানের শ্রমিকরা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়—এমনটাই জানিয়েছেন ওই কিশোরীর স্বজনরা।
৫ অক্টোবর (সোমবার) ওই কিশোরীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর বাসিন্দা। আর তার বোনের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব রংমহল এলাকায়।
কিশোরীর বাবা জানান, আগের দিন ৪ অক্টোবর রোববার দুপুর সাড়ে বারটার দিকে ওই কিশোরী একাই বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে নির্জন স্থানে তাকে একা পেয়ে একই এলাকার আবুল কালামের ছেলে শওকত রাস্তার ধারের পাশের সামাজিক বনায়নের ভেতর তুলে নিয়ে ধর্ষণ করে। সেসময় তার আত্মচিৎকার শুনে ওই বাগানের অন্যপাশে কর্মরত শ্রমিকরা এগিয়ে গেলে শওকত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রবিবার রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই বখাটের বিরুদ্ধে এলাকায় এধরনের আরো দুইটি ঘটনার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘থানায় এধরনের কোনো অভিযোগ নিয়ে কেউ আসেননি। অভিযোগ পেলে তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরএইচ
