নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ১২:৪০ পিএম
বৈশ্বিক মহামারী করোনার অচলাবস্থা কেটে ওঠার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের সবচেয়ে বড় চালান উদ্ধার করা হয়েছে। দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
ওই যাত্রীর নাম মোহাম্মদ এনামুল হক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুছার কাছে গোপন সংবাদ ছিল স্বর্ণের চালান এসেছে। এরপর বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করেন।
একপর্যায়ে বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিএস
