প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০ সোমবার ০৬:১০ পিএম
নগরের রিয়াজউদ্দিন বাজারে চুরির অভিযোগে রাসেল (২০) নামে এক দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দোকান মালিক ও এক কর্মচারিকে আটক করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নগরের আইসফ্যাক্টরী রোডে ভাড়া বাসায় থাকতো। তিনি নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে।
আটক দুইজন হলেন— দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুস।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানের গোডাউন থেকে গুড়ো দুধ ও চা-পাতা চুরির অভিযোগে দোকান কর্মচারি রাসেলকে বেধরক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পিটুনিতে রাসেল মারা যায়।’
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এসময় দোকান মালিক আরমান ও ওই দোকানের আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।—যোগ করেন ওসি মহসিন।
আরএইচ
