ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ১২:২০ এএম
রাঙ্গামাটির জেলার কাপ্তাই উপজেলায় খালে ও পুকুরে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার রাইখালী ইউনিয়নে তাদের মৃত্যু হয় বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
নিহতরা হল- চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, মাকসুদা ও হাফসা আক্তার পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় ডুবুরিরা চার ঘণ্টার চেষ্টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। শিশুদের আরও যত্ন নিতে হবে। তাদের গতিবিধি লক্ষ করতে হবে প্রতিমুহূর্তে।’ এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।
আরএইচ
