নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৫:১০ পিএম
কক্সবাজার জেলার পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় অন্ডকোষ চেপে ও পিটিয়ে মোক্তার আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার আহমদ একই এলাকার ছৈয়দ নুর সওদাগরের ছেলে। পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করার সাথে সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই আবদুর রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেপ্তার করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে মোক্তার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অন্যরা তাকে পেটাতে থাকলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ‘সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডার জেরে এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।’
সিএস
