নাশকতা মামলা: চট্টগ্রামে বিএনপির ৩০ নেতাকর্মী গেল কারাগারে

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ৮:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৮:২০ পিএম

১৩টি নাশকতা মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ২০১৮ সালে নগরের বায়েজিদ ও চান্দগাঁও থানায় এসব মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এ মামলায় আসামিদের বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় ১৮ জনকে জামিন, ৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ও ২৫ জনকে সময় দিয়েছেন আদালত।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- শাহাদাত, রাশেদ, আবদুর রশিদ টিটু, আবদুল্লাহ আল হারুন, মামুন আলম, হিরু, আজগর, রুবেল, লুৎফুর রহমান, মহিউদ্দীন মুকুল, সেলিম, রফিক, শিহাব, দিলশাদ, মো. আবছার উদ্দিন, লিয়াকত আলী জসিম, মহসিন, বাহাদুর, নেজাম উদ্দিন।

জানা গেছে,  আবদুল্লাহ আল হারুন বায়েজিদ থানা বিএনপির থানা সভাপতি, মো. আবছার উদ্দিন যুগ্ম সম্পাদক, লিয়াকত আলী জসিম ক্রীড়া সম্পাদক, মামুন আলম জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, নেজাম উদ্দিন সহ-সভাপতি।

জালালাবাদ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নেজাম উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহিমের বড় ভাই। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহিমের আরেক ভাই নাশকতা মামলার আসামি জামিন পেয়েছেন বলেও জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘নাশকতার ১৩টি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ৩০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এসএম