নিখোঁজের ১৪ ঘন্টা পর বাড়ির পুকুরে মিলল এমপি নদভীর ভাইয়ের মৃতদেহ

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ৯:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শাহাবুদ্দীনের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ভোরে মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় এমপি নদভীর নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মাদার্শা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হোসাইন মনু বলেন, গত মঙ্গলবার মাগরিবের পর ঘরে ফিরে না আসায় এম.পি সাহেবের বড় ভাই শাহাবুদ্দীনকে পরিবারের লোকজন, স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ ৫ শতাধিক লোক মিলে বাড়ির পার্শ্ববর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। দীর্ঘ সাড়ে ১৪ ঘন্টা পর আজ বুধবার ভোরে স্থানীয় জনতা এম.পি সাহেবের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শাহাবুদ্দীনের লাশ দেখতে পাই। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নামাজের জানাজা শেষে শাহাবুদ্দীনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন শাহাবুদ্দীন। বাড়ির পাশের বাগানসহ পুরো এলাকায় তাকে খোঁজ করা হয়। তবে সন্ধান মেলেনি। আজ ভোরে শাহাবুদ্দীনের মরদেহ বাড়ির পুকুরে ভেসে উঠে। লোকজন খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। সেখানে মঙ্গলবার দুপুরে পুকুরে ওযু করতে যাওয়ার পর তাকে পানিতে পড়ে যেতে দেখা গেছে।

‘তিনি বয়সের ভারে নুয়ে পড়েছিলেন। মানসিকভাবেও অসুস্থ ছিলেন। সব মিলিয়ে এটি একটি দুর্ঘটনাই মনে হচ্ছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সিটিজিসান ডটকম/আরএইচ