পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক

আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ৬:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৫:২০ পিএম

পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। তার করা পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচলাইশ এলাকার পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন। ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পান। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি আবুল কাশেম।

সিটিজিসান ডটকম/সিএস