নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ আগস্ট, ২০২০ সোমবার ০৭:০৩ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ পুলিশের আরও ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৩১ আগস্ট) উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকী। তাকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমি সারদায়; র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে; অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
সিটিজিসান ডটকম/সিএস
