অবশেষে গ্রেপ্তার সেই সিমিসহ ৩ কিশোর গ্যাং সদস্য

আপডেট: ২৮ অগাস্ট ২০২০ ৮:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ আগস্ট, ২০২০ শুক্রবার ০৭:০০ পিএম

তরুণীকে বাসায় গিয়ে মারধরের ঘটনায় সাখাওয়াত (২৪), মো. লামিম শাওন (২০) এবং তাহমিনা সিমি (১৮) নামে ৩কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) নগরের বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হালিশহর থানার নয়াবাজার এলাকার সিরাজুল ইসলাম এর পুত্র সাখাওয়াত (২৪), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আজিবুর রহমানের পুত্র মো. লামিম শাওন (২০) এবং চাঁদপুর জেলার বোয়ালখালী থানার ধনপতি গ্রামের কামাল হোসেনের কন্যা তাহমিনা সিমি (১৮)। এদের মধ্যে বর্তমানে লামিম শাওন বন্দর থানার ইস্ট কলোনী এবং সিমি ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, মোহনা আক্তার নামে এক তরুণীকে সাখাওয়াত , সিমি, শাওন, তানিয়া এবং আরফিন নামে কয়েকজন বাসায় গিয়ে মারধর এবং সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহনা আকতার।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘তরুণীকে বাসায় গিয়ে মারধরের ঘটনায় বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৩সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট বিকেলে মোহনা আক্তার নামে ওই তরুণীর বাসায় গিয়ে সাখাওয়াত, সিমি, শাওন, তানিয়া এবং আরফিন মিলে মারধর করে এবং সেই ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরবর্তীতে ২৬ আগস্ট ভুক্তভোগী ওই তরুণী ইপিজেড থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।

সিটিজিসান ডটকম/আরএইচ