নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ আগস্ট, ২০২০ বুধবার ০৭:২০ পিএম
করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্লাজমা দান করতে ঢাকায় পাঠানো হয়েছে করোনাজয়ী ৩০ জন পুলিশ সদস্যকে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে তারা রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রওনা দেয়। এসময় তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান।
পুলিশ জানায়, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এ সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগনকে সুরক্ষা দিতে গিয়েই নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের পাঁচজন গর্বিত সদস্যকে। তাছাড়া ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জন সচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহিত নানাবিধ উদ্যোগ সমূহের কার্যক্রম এখনো চলমান রয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
