পাঁচ হাজার টাকা জরিমানা গুণল খুলশী মার্ট

আপডেট: ২৬ অগাস্ট ২০২০ ৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৬ আগস্ট, ২০২০ বুধবার ০৩:৫০ পিএম

চট্টগ্রামের খুলশী থানার সুপার শপ খুলশী মার্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সুপার শপে চাল, ডাল ও মরিচ জাতীয় পণ্য সংরক্ষণে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় এ জরিমানা করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ‘পণ্য মজুতে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সঠিকভাবে হচ্ছে কি-না, তা যাচাই করতে সুপার শপ খুলশী মার্টে অভিযান পরিচালনা করা হয়। আইনে চাল, ডাল, মরিচ জাতীয় পণ্য সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক থাকলেও খুলশী মার্টে কৃত্রিম মোড়কের দ্বারা উক্ত পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।’

তিনি বলেন, ‘এ অপরাধ আমলে নিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী খুলশী মার্টকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে চাল, ডাল, চিনি, পেয়াজ, রসুন, আদা, মরিচসহ আইন দ্বারা যে সকল পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, সেসব পণ্যে পাটজাত মোড়কের যথাযথ ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়।’

সিটিজিসান ডটকম/আরএইচ