সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৫ আগস্ট, ২০২০ বুধবার ১০:৫০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে নুরুচ্ছাপা প্রকাশ নুরুর পুত্র মমতাজ উদ্দিন (২৮) এবং মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুর রশিদ মাঝি (২৭)।
জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়।
নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) সুমন বনিক জানান, ‘জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।’
প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ/এনওকে
