নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুলাই, ২০২০ সোমবার ১১:৫০ পিএম
গত ১৫ জুলাই বদলীর আদেশ পেয়ে ১৭ জুলাই ইপিজেড থেকে বন্দর থানায় যোগ দেন পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ নুরুল হুদা। বন্দরে যোগদানের ২ দিনের মাথায় অর্থাৎ ১৯ জুলাই হঠাৎ তাকে বন্দর থানা থেকে শিল্প পুলিশে বদলী করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতর থেকে তাকে শিল্প পুলিশে বদলি করা হয়। তবে হঠাৎ বদলীর কারণ জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ সদর দফতর থেকে বন্দর থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদাকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
মীর মোহাম্মদ নুরুল হুদা ইপিজেড থানায় দায়িত্ব পালনের আগে চকবাজার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে দুই দিনের মাথায় বন্দরের ওসি বদলির আদেশকে প্রশাসনিক সিদ্ধান্ত বলা হলেও এ নিয়ে সিএমপিতে কানাঘুষা শুরু হয়েছে। কেন হঠাৎ করে দুই দিনের মাথায় এ বদলি আদেশ? কদিন আগে পুলিশের সব ইউনিট প্রধানদের সঙ্গে এক জুম মিটিংয়ে আইজিপি দেশের এক থানায় ওসি পদে ৬০ লাখ টাকার অনৈতিক লেনদেনের অভিযোগ তুলেছিলেন স্বয়ং আইজিপি বেনজির আহমেদ। কোন থানা বা ইউনিটের নাম স্পষ্ট করে না বললেও এর তদন্ত পূর্বক শাস্তির দাবি জানিয়েছিলেন ডিএমপি কমিশনার। বিষয়টি নিয়ে পুলিশ বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
সিটিজিসান ডটকম/আরএইচ
