স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে নারীর মরদেহ উদ্ধার আনোয়ারায়

আপডেট: ২৪ জুন ২০২০ ১:৩০ অপরাহ্ন

আনোয়ারা প্রতিনিধি | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ০১:১৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেলিনা আক্তার শেলি (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় দাগ রয়েছে। পরনে নীল রঙয়ের সেলোয়ার কামিজ ছিল।

নিহত সেলিনা আক্তার বাঁশখালীর সাধনপুর গ্রামের জেবল হোসেনের কন্যা। গত ২ বছর আগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মিঠাছড়ি গ্রামের মালুমঘাট এলাকার মোহাম্মদ নোমানের পুত্র সাকিবের সাথে  সেলিনার বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনেই কেইপিজেডে চাকরি করতেন।বৈরাগ তেলের দোকান এলাকার বাসিন্দা তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. এমরান সিটিজিসানকে বলেন, ‘মরদেহের গলায় দাগ থাকলেও কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ