মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট: ২৪ জুন ২০২০ ১২:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ১২:০৬ পিএম

চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত হয়েমীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪) নামে নগর ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত অভি মীর  আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় থাকতেন।

নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু জানান, ‘গত ১৮ জুন হাজিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালনকালে অভির ওপর হামলা চালানো হয়। তাকে এসময় ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মেট্রোপলিটন হাসপাতালে  ভর্তি করা হয়। পরে রাত ২টার দিকে তিনি মারা যান।’

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এক শোক বার্তায় এ ঘটনায় শোক  প্রকাশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সিটিজিসান ডটকম/আরএইচ