নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ০৫:৫৮ পিএম
এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফির শারীরিক অবস্থার অবনতির ‘গুজব’ ছড়ানো হচ্ছে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও রুম পাননি— এমন গুজবও ছড়িয়েছে।
সোমবার (২১ জুন) অনলাইন পোর্টাল জাগোনিউজের পক্ষ থেকে এসব খবরের সত্যতা নিশ্চিত করার জন্যে যোগাযোগ করা হলে মাশরাফির নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করে, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মাশরাফি তাঁর মিরপুরের বাসায় হোম আইসোলেশনেই আছেন। হঠাৎ বুকে ব্যথা কিংবা করোনার কারণে কোনো অসুস্থতায় তাকে জরুরি হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়ার খবর সত্য নয়।
বরং মাশরাফির আগে থেকেই অল্পবিস্তর অ্যাজমার সমস্যা রয়েছে। তাই চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন বুকের ও অন্যান্য কিছু রুটিন টেস্ট করানোর জন্য। সেগুলো করাতেই আজ (সোমবার) সন্ধ্যায় হাসপাতালে যেতে পারেন মাশরাফি— খবর জাগোনিউজের।
এ নিয়ে মাশরাফি নিজের ফেসবুক পেইজ হতে একটি স্ট্যাটাস ও দিয়ে বলেছেন কিছু পরীক্ষা করার জন্য তার হাসপাতালে যেতে হতে পারে। তবে ভিত্তিহীন খবরে ভক্ত-সমর্থকরা যেন বিভ্রান্ত না হন।
মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’
সিটিজিসান ডটকম/আরএইচ
