নিজস্ব প্রতিবেদক| আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ১০:১৩ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় ৩৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেট কারসহ মো. শাহ আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ জুন) নুরুজ্জামান নাজির বাড়ি সড়কের মুরগির ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শাহ আলম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ হুলাইন এলাকার মো. জমির হোসেনের ছেলে। তিনি পুরাতন চান্দগাঁওয়ের মুরগির ফার্ম এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলমকে ৩৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কারসহ আটক করা হয়। প্রাইভেট কারে করেই শাহ আলম বিদেশি মদগুলো বিক্রয়ের চেষ্টা করছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। শাহ আলম তার সহযোগীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে’।
সিটিজিসান ডটকম/সিএস/পিবি
