১৭ দিনেও মেলেনি নমুনা পরীক্ষার ফল, করোনা উপসর্গে ফিলিপাইন নাগরিকের মৃত্যু

আপডেট: ২০ জুন ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ১০:৪৭ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে এ প্রথম কোনো বিদেশী নাগরিক করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন।

শুক্রবার (১৯ জুন)  রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

মৃত ব্যক্তির নাম রুয়েল এসত্রেলে কাতান (৫০)। তিনি চট্টগ্রাম বন্দরে একটি বেসরকারি একটি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন।

তবে ওই বিদেশী নাগরিক করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেও গত ১৭ দিনেও ফল জানতে পারেনি।

ডা. আফতাবুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১৬ দিন ধরে ফিলিপাইনের একজন নাগরিক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য ওনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনও আসেনি। তবে এরই মধ্যে গতকাল রাতে তা্ঁর মৃত্যু হয়।

জানা যায়, গতকাল শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মারা যাওয়া রুয়েল এসত্রেলে কাতান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত বেসরকারি একটি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এলাকায় থাকতেন। তাঁর পরিবার ফিলিপাইনে বসবাস করেন।

সিটিজিসান ডটকম/আরএইচ