‘লকডাউন’ হলো চট্টগ্রামের প্রথম রেড জোন এলাকা উত্তর কাট্টলী

আপডেট: ১৭ জুন ২০২০ ২:৩৯ পূর্বাহ্ন

উত্তর কাট্টলী লকডাউন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ০১:৫৯ এএম

বন্দর নগরী চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে ২১ দিনের জন্য শুরু হয়েছে ‘লকডাউন’। এটিই রেড জোন হিসেবে চট্টগ্রামে লকডাউন হওয়া প্রথম ওয়ার্ড।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১২ টার পর থেকে কার্যকর হয় এ লকডাউন। লকডাউন চলাকালীন রেড জোন ঘোষিত এলাকায় প্রবেশ ও বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। ইতিমধ্যে ওই এলাকার ২০টি প্রবেশপথ চিহ্নিত করে তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রবেশপথগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- কর্নেল টোল রোড, ঈশান মহাজন রোড, মোস্তফা হাকিম কলেজ রোড, সাগরিকা বিটেক রোড, কৈবল্যধাম রোড, নিউ মনছুরাবাদ রোড, সিডিএ আবাসিক রোড, সাগরিকা আলিফ রোড।

এর আগে রাত ১১টায় লকডাউন শুরুর আগে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ওয়ার্ড কার্যালয়ের কন্ট্রোল রুমে লকডাউন কর্মসূচির সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

লকডাউন এলাকার সড়কে দূর পাল্লার গাড়িতে ওঠা-নামা করতে পারবে না কোনো প্রকার যাত্রী। তবে মধ্যরাতের পর উন্মুক্ত থাকবে পণ্যবাহী গাড়ি চলাচল। ওই এলাকায় সেনা টহল জোরদার হবে বলে জানিয়েছে আইএসপিআর। তবে এ সময়ে স্বাস্থ্যকর্মীসহ জরুরি সেবায় যাঁরা নিয়োজিত তাঁদের বের হতে দেয়া হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে সিটি করপোরেশন ও প্রশাসন।

একই সঙ্গে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এলাকার মানুষের সার্বিক সহায়তার জন্য মহল্লা ভিত্তিক সেচ্ছাসেবক টিমও কাজ করবে।

জরুরি সেবায় কন্ট্রোলরুম

লকডাউন কার্যকর থাকাকালীন স্থানীয় বাসিন্দারা যেকোনো সমস্যা এসব নম্বরে ফোন করে জানাতে পারবেন। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- ০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, ০১৮১৯-০৫৬৮৪৪ এবং ০১৮১১-৮৮৭০৮৪।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, ‘উত্তর কাট্টলী ওয়ার্ডে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সিটি করপোরেশনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘লকডাউন চলাকালীন কেউ সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বুধবার সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তর কাট্টলী এলাকায় মাঠে কাজ করবেন।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের রেড জোনগুলোর মধ্যে প্রথম উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর হলো। বিসিক শিল্প এলাকা বাদে পুরো ওয়ার্ডে বাইরের কেউ ঢুকতে পারবে না। অত্যাবশ্যকীয় যৌক্তিক কারণ ছাড়া কেউ বের হতে পারবে না।’

মেয়র বলেন, ‘যদি পুলিশ সদস্য, ডাক্তার, নার্স, সাংবাদিক যাঁরা লকডাউনে ছুটির বাইরে তাঁদের বাসা এ ওয়ার্ডে থাকে তবে পরিচয়পত্রসহ স্বাস্থ্যবিধি মেনে বের হতে পারবেন।’

‘এখানে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশের টিম কঠোর নজরদারি করবেন।’— যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ/সিএস