অস্থায়ী কর্মীদের জন্য ৩ লাখ টাকা অনুদান নওফেলের

আপডেট: ১৩ জুন ২০২০ ১০:৫৮ অপরাহ্ন

রেদওয়ানুল শিপলু | আপডেট : ১৩ জুন, ২০২০ শনিবার ০৯:১৫ পিএম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ৩ লাখ টাকা প্রণোদনা হিসেবে অনুদান দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৩ জুন) সকালে খুলশীতে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির হাতে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন থেকে সেখানকার ৩৬ জন অস্থায়ী কর্মীদের জন্য এই অর্থ তুলে দেওয়া হয়।

এদিকে হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনকালে সেখানে হাসপাতালের অক্মিজেন সংকটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ওই হাসপাতালের অক্সিজেন সুবিধার ব্যবস্থাও করে দেন মন্ত্রী। একই সঙ্গে সেখানকার চিকিৎসক, নার্স, চিকিৎসা গ্রহণকারী ও পরিচ্ছন্নতাকর্মী সহ সকলের সাথে কথা বলে হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী, সহকারী পরিচালক আব্দুল মান্নান ও তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাজে সন্তুষ্ট। তিনি নিজে উপস্থিত থেকে সবকিছুর তদারকি করেছেন। তিনি তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামের মাধ্যমে জেনারেল হাসপাতালের ৩৬ জন অস্থায়ী কর্মচারীর প্রত্যেককে ৮০০০ টাকা করে প্রদান করেছেন।’

উল্লেখ্য, গত ১১ জুন সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সুরক্ষা সামগ্রী প্রদান করতে গেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ৩৬ জন চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগ পাওয়ার পর প্রশাসনিক জটিলতায় যোগদানের পর থেকে প্রায় ৩ মাস বেতন-ভাতা না পাওয়ায় তাঁদের দুরবস্থার কথা চিন্তা করে তাঁদের প্রত্যেককে ৮ হাজার টাকা করে প্রণোদনা সহ মোট ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।

সিটিসিান ডটকম/সিএস