দুই চিকিৎসককে বাঁচাতে করোনাজয়ী অরুন চাকমার প্লাজমা দান

আপডেট: ২৮ মে ২০২০ ১১:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ মে, ২০২০ বৃহস্পতিবার ১০:৫৬ পিএম

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ডা. সামিরুল ও ডা. মুহিদকে বাঁচাতে প্লাজমা দিয়েছেন করোনাজয়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য অরুন চাকমা।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে তাঁর কাছ থেকে ৪৫০ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়। এর মধ্যে অর্ধেক চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবুর শরীরে প্রয়োগ করা হবে। বাকি অর্ধেক ডা. মুহিদের শরীরে প্রয়োগ করা হবে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, ‘করোনাজয়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য কনস্টেবল অরুন চাকমা চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম বাবু ও ডা. মোহিদের জন্য প্লাজমা দিয়েছেন।’

তিনি বলেন, ‘মানুষের সেবা করতে গিয়ে অরুন চাকমা করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে এবার তিনি অন্যান্য করোনা আক্রান্তকে সুস্থ করতে নিজের প্লাজমা দান করে চট্টগ্রাম মহানগর পুলিশকেও গৌরবের অংশ করলেন।’

কনস্টেবল অরুণ চাকমা বলেন, ‘যদি আমার প্লাজমা দিয়ে কারো প্রাণ বাঁচে সেটা আমার জন্য গৌরবের। করোনা আক্রান্ত হওয়ার পর মাননীয় পুলিশ কমিশনারসহ পুরো পুলিশ পরিবার আমার পাশে ছিলো। সবার ভালোবাসায় এবং দোয়ায় আমি করোনা যুদ্ধে জয়ী হয়েছি।’

‘আমি এই যুদ্ধ থেকে পিছু হটতে চাই না। পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে আমি করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতেই দুই চিকিৎসকের প্রাণ বাঁচাতে নিজের প্লাজমা দান করেছি।’

সিটিজিসান ডটকম/আরএইচ