চট্টগ্রামে করোনায় আক্রান্ত জেলা প্রশাসনের আরডিসি

আপডেট: ১৭ মে ২০২০ ৫:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট ১৭ মে, ২০২০ রবিবার ০৫:১২ এএম

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) নাজমুন নাহারের শরীরে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই প্রথম চট্টগ্রাম জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ৯১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৮ জন। এর মধ্যে রয়েছে আরডিসি নাজমুন নাহারও। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, গত শুক্রবার (১৫ মে) নাজমুন নাহারের নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হলে শনিবার (১৬ মে) রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, নাজমুন নাহারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি  স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস এর ৫০৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগরে ৫৪ জন সহ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ৭৫ জন। এর মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিকও।

এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

সিটিজিসান ডটকম/আরএইচ