নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ০৬:৩০ পিএম
নিরাপদ দূরত্ব বজায় রেখে চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো ‘১ মিনিটের বাজার’। সারিবদ্ধভাবে টেবিলে একটি পরিবারের জন্য প্যাকিং করা রয়েছে চাল, বরবটি, কচু, আলু, ডাল, শাক, মিষ্টি কুমড়া ও টমেটো। প্রতিদিন তালিকাভুক্ত পরিবার এ বাজার থেকে ১ মিনিটের মধ্যে প্রয়োজনমত এসব পণ্য কিনতে পারবেন সম্পূর্ণ বিনামুল্যে।
বুধবার (১৩ মে) সকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ‘১ মিনিটের বাজার’র কার্যক্রম চালু করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। যা চলবে মাসব্যাপী এবং প্রায় ২০ হাজার মানুষ এই সুবিধা পাবে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার।
তিনি বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনী খাদ্য সহায়তা নিয়মিত দিচ্ছে যা ত্রাণ হিসেবেই পরিচিত। তবে এই ‘১ মিনিটের বাজার’ কার্যক্রম ভিন্ন। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ই থাকলেও দিতে হবেনা কোনো পণ্যের মূল্য। এ সেবা মাসব্যাপী চলমান থাকবে এবং প্রায় ২০ হাজার মানুষ এ সুবিধা পাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রান্তিক চাষীদের কাছ থেকে আমরা এসব সবজি ক্রয় করছি। তাঁরাও তাঁদের ন্যায্য মূল্য পাচ্ছে এবং একইসাথে অসহায় এসব মানুষরাও খাদ্য সহায়তা পাচ্ছে।’
পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় এই ফ্রী সবজি বাজারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
