এবার করোনার শিকার এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সালেহীন

আপডেট: ১১ মে ২০২০ ১:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ মে, ২০২০ সোমবার ০১:১৮ পিএম

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরেও মিলেছে করোনার বিষ৷

রবিবার (১০ মে) বিআইটিআইডি ও সিভাসু ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল চট্টগ্রামে ৪৯ জন সংক্রমিত হয়েছে৷ তার মধ্যে বোরহানুল একজন৷

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৭ মে) তার শরীরে করোনার উপসর্গ দেখা গেলে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়৷ রবিবার (১০ মে) তার নমুনার ফলাফল পজিটিভ আসে৷

রবিবার (১০ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টি নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর ফল জানানো হয় রোববার। এতে মোট ৫৩টি নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বিআইটিআইডিতে শনাক্ত ২২ জনের মধ্যে চট্টগ্রামের ১৪ ও নোয়াখালী জেলার আট জন আছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১১ জন এবং মিরসরাই, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলায় তিন জন আছেন।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, সিভাসুর ল্যাবে শনাক্ত ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম জেলার আছেন ৩৫ জন। এর মধ্যে মহানগরী এলাকার দু’জন এবং বাকিরা বিভিন্ন উপজেলার। এছাড়া ফেনী জেলার সাত জন, লক্ষীপুরের তিন এবং নোয়াখালী জেলার আট জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের এ পর্যন্ত ২৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন, মারা গেছেন ১৮ জন।

সিটিজিসান ডটকম/আরএইচ