মো. নাঈম উদ্দীন, রাউজান | আপডেট : ১০ মে, ২০২০ রবিবার ০৮:০২ পিএম
চট্টগ্রামের প্রায় প্রতিটি উপজেলায় প্রাণঘাতী করোনা হানা দিলেও রাউজান উপজেলাই ছিল বাকি৷ এবার সেই রাউজান উপজেলায়ও শনাক্ত হলো করোনা রোগী৷ অথচ, গত ২৪ ঘন্টা আগেও রাউজান করোনামুক্ত উপজেলা ছিল৷
আজ রবিবার (১০ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪ ঘন্টায় ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের রিপোর্ট পজিটিভ আসে৷ এর মধ্যে রাউজান উপজেলায় বাদশা মিয়া নামে (৩৫) ১ জনের দেহে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়৷
তিনি রাউজানের ২ নং ডাবুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কন্দিপাড়া এলাকার মৃত: রফিক উদ্দীনের ছেলে৷ বাদশা মিয়া পেশায় একজন অটোরিকশা (সিএনজি) চালক৷
রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুনায়েদ কবির সোহাগ জানান, ‘গত ০৩ মে বাদশা মিয়ার নমুনা সংগ্রহ করে সিভাসু ল্যাবে প্রেরণ করা হয় এবং ১০ মে নমুনার ফলাফল পজিটিভ আসে৷
আরও নিশ্চিত হওয়ার জন্য আগামীকাল (১১ মে) তার নমুনা আবার সংগ্রহ করা হবে৷ বর্তমানে তার পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং কান্দিপাড়া এলাকা লকডাউন এর আওতায় আনা হয়েছে৷
আক্রান্ত ওই ব্যক্তির খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছেন ২নং ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রহমান চৌধুরী(লালু)।
তিনি জানান, ‘আমাদের এমপি মহোদয়ের নির্দেশে কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মাঝে খাবার সরবরাহ করছি।’
উল্লেখ্য, করোনা রোগী শনাক্ত হলেও রাউজানবাসীর মধ্যে এখনো দেখা যাচ্ছে না সচেতনতা৷
সিটিজিসান ডটকম/আরএইচ
