২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা পজিটিভ ‘শূন্য’, লক্ষ্মীপুরে ১

আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার ১১:৩০ পিএম

চট্টগ্রামের জন্য আবারও এলো সুসংবাদ৷ বৃহস্পতিবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে মোট ১৮৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা পজিটিভ ছিল শূণ্যের কোটায়। এর মধ্যে একজন করোনা পজিটিভ মিলেছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি৷

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষা করা হয় ১৮৪ জনের নমুনা। এর মধ্যে একজন বাদে ১৮৩ জনের নমুনা নেগেটিভ হয়। করোনা পজিটিভ ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুরের জেলার রায়পুরে এবং রোগীর বয়স ৩৭ বছর।’

সর্বশেষ গতকাল বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল ৩জন। এদের মধ্যে একজন ফটিকছড়ির তরুণ চিকিৎসক। একজন নগরীর লালখান বাজার এলাকার পুলিশ সদস্য আপর জন নগরীর বায়েজিদ এলাকার বালুছড়ার এক পুলিশ সদস্যের স্ত্রী।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামে ১০মাস বয়সী শিশুর করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন মোট ১৪০টি নমুনায় চারজন করোনা পজিটিভের বাকী তিনজন ছিল পার্বত্য জেলা বান্দরবানের।

এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ জন।

এর মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেন মা-মেয়েসহ ৩জন।

এর আগের দিন বুধবার একই হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্বজনের কাছে ফিরে যান আরও ৫জন।
তারও আগে ২০ এপ্রিল ফৌজদারহাট বিআইটিআইডি থেকে সুস্থ হন আরও দু’জন। ফলে মোট সুস্থ হন ১০জন।

মোট করোনা রোগীর মধ্যে মারা গেছেন শিশু, নারী ও বৃদ্ধসহ ৫ জন।

বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সর্বমোট রোগী ২৬ জন,পজিটিভ ২৪, সন্দেহভাজন ২ জন।

 

সিটিজিসান/আরএইচ