চট্টগ্রামে ‘করোনাযুদ্ধে’ জিতলো আরও ৫ জন

আপডেট: ২২ এপ্রিল ২০২০ ২:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ এপ্রিল, ২০২০ বুধবার ২:৫২ পিএম

চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাস এর সাথে যুদ্ধে জিতলো আরও ৫ জন৷ কিন্তু সুস্থ ৫ জনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবে কিনা সেটি নিশিত হওয়া যায়নি এখনো৷ এ নিয়ে চট্টগ্রামে করোনা-যুদ্ধে জিতলেন মোট ৭ জন৷

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৫ জনের দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

এছাড়া চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়া দামপাড়ার রোগী ২ বার নেগেটিভ আসলেও ৩ বার পজিটিভ রিপোর্ট এসেছে। দামপাড়ায় প্রথম শনাক্ত হওয়া রোগীর সন্তান (৫ এপ্রিল) থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। টানা ২ বার পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ ফলাফল পাওয়া গেছে আগেই। তিনি পুরোপুরি সুস্থ হলেও পিতাকে হাসপাতাল রেখে বাড়ি ফিরছেননা এখনো। আজকে তিনি চিকিৎসকদের সিদ্ধান্ত জানাবেন বাড়ি ফিরবেন কি না।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়া ৫ জন আজ (বুধবার) যে কোন মুহুর্তে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যেতে পারবেন।

যারা জিতলেন করোনা-যুদ্ধে

করোনাভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হওয়া ৫ জন হলেন, পাহাড়তলী সাগরিকা এলাকার গার্মেন্টস কর্মকর্তা ওমর আলী, পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় মো. কামাল উদ্দিন, হালিশহর শাপলা আবাসিকে শনাক্ত হওয়া প্রথম করোনার রোগী হাসিনা বেগম, চট্টগ্রামে প্রথম দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক। সীতাকুণ্ড উপজেলায় নারায়ণগঞ্জফেরত আক্রান্ত আনোয়ার।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জামাল মোস্তফা জানান, আজকে ৫ জন করোনার রোগীকে ছাড়পত্র দেয়া যাবে। কিন্তু প্রথম শনাক্ত হওয়া বৃদ্ধ এর ছেলে পিতাকে ছেড়ে হাসপাতাল ছাড়বে কিনা তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে হাসপাতাল ছাড়পত্র ৪ বা ৫ জন কিনা।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ২ জন করোনা আক্রান্ত রোগী। ওই ২ জনের মধ্যে একজন নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারের গোলাম সাইফুদ্দিন মানিক (৫৫)। আরেকজন আকবরশাহ থানার ওমর ফারুক (৩৫)।

উল্লেখ্য, বিআইটিআইডিতে এ নিয়ে ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ৪০ জন, নোয়াখালীতে ৫ জন, লক্ষ্মীপুরে ২৫ জন, ফেনীতে ২ জন এবং বান্দরবানে ৩ জন।

সিটিজিসান/আরএইচ