কাউন্সিলর ‘ভাতিজা’ পরিচয়ে চাঁদাবাজিকালে যুবক আটক

আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯ ১:১২ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার ০১:১৫ পিএম |

ব্যবসায়িদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানা এলাকা থেকে মো. মনিরুল ইসলাম প্রকাশ জুয়েল (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে এনায়েতবাজার এলাকার থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় কাউন্সিলর সেলিমুল্লা বাচ্চুর ‘ভাতিজা’ পরিচয়ে চাঁদাবাজি করতো বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

আটককৃত মো. মনিরুল ইসলাম প্রকাশ জুয়েল মহানগরের চান্দগাঁও থানাধীন বাহারহাট বাড়াইপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, মঙ্গলবার বিকেলে এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সেলিমুল্লা বাচ্চুর ভাতিজা পরিচয়ে মনিরুল একটি ওয়াটার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের গিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই প্রতিষ্ঠানের মালিক নেই জানিয়ে টাকা দিতে অপারগতার কথা জানান উপস্থিত ম্যানেজার নিয়ামুল হাসান। এরপর মনিরু হুমকি দেন, টাকা না দিলে অফিস আর খুলতে দেয়া হবে না।

ওসি বলেন, বিষয়টি কাউন্সিলর বাচ্চুর আপন ভাই নাসিমকে জানানো হলে তিনি বলেন, মনিরুল নামে তাদের কোনো ভাতিজা নেই। এরপর টাকা দেয়ার কথা বলে মনিরুলকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন নাসিম।

আটককৃত মনিরুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে