অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২১ জানুয়ারি ২০১৯, সোমবার ০৮:১৫ পিএম |
চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকায় বিনামূল্যে বিতরণের ২৮৩টি বোর্ড বইসহ স্নেহাশীষ তালুকদার প্রকাশ জুয়েল নামক এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২১ জানুয়ারি) সকালে আন্দরকিল্লায় একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খাঁন।
গ্রেপ্তারকৃত জুয়েল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাণিগ্রাম সুধীর মাস্টারবাড়ির সন্তোষ প্রকাশ মাদল তালুকদারের ছেলে।
পরিদর্শক ইলিয়াছ খাঁন বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্দরকিল্লা ‘প্রকাশ বিচিত্রা’ নামক দোকান থেকে বিনামূল্যে বিতরণের ২৮৩টি বই উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক ব্যবসায়ি দেবাশীষ তালুকদার পালিয়ে গেলে দোকান থেকে স্নেহাশীষ তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছে অসাধু উপায়ে বইগুলো বিক্রির জন্য সংগ্রহ করে মজুদ করেছে তারা। দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পরিদর্শক জানান।
সিএস/সিএম/এসআইজে
