আওয়ামীলীগ প্রশাসন নির্ভর দল : সুফিয়ান

আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ৩:৪৮ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০৩:৪৫ পিএম |

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান অভিযোগ করে বলেছেন, ধানের শীষের নিশ্চিত বিজয় চিনিয়ে নিতে সরকার ভিন্ন পথ খুঁজছে। তারা জনগণ নির্ভর না হয়ে আমলা-পুলিশ নির্ভর হয়ে পড়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে ধানের শীষের পক্ষে বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন।

আবু সুফিয়ান কদুরখীল মুসলিম হাই স্কুল, জলিল আম্বিয়া কলেজ, খোকার দোকান, ইমাম নগর, আমজাদ আলী, পূর্ব কদুরখীল উচ্চ বিদ্যালয়, বেপারী পাড়া, নাজীর দীঘির পাড়, বৈলতলী মাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

সুফিয়ান আরো বলেন, চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ। এখানে নির্বাচনের কোন সুষ্টু পরিবেশ নেই। আমার বাসায় দুই বার সন্ত্রাসী হামলা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। সরকারী দলের এমপি নেতাকর্মীদের নির্দেশে চলছে প্রশাসন।

আওয়ামীলীগ গত ১০ বছর ক্ষমতায় থেকে নির্যাতন, লুটপাট, দুর্নীতিসহ নানা কুকর্ম করে জনগনকে সীমাহীন কষ্ট দিয়েছে। জনগনের কাছে ভোট চাওয়ার সৎ সাহস তাদের নেই। তাই তারা অবাধ-সুষ্টু নির্বাচনকে ভয় পায়।

ধানের শীষ হচ্ছে জনগনের নির্ভরতার প্রতীক। তাই উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দেয়ার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।

গণসংযোগে আরো ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, জামায়াত নেতা ডা. খোরশেদ আলম, মো. ওসমান, মো. কবির, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসহাক চৌধুরী, কদুরখীল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।

সিএস/সিএম/এসআইজে