প্রেস থেকে বিএনপি প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেয়ার অভিযোগ

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১২:৪১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ১২:৪০ পিএম |

রাজধানীর ফকিরাপুল প্রেসপাড়ায় হানা দিয়ে বিএনপি প্রার্থীর পোস্টার ছিনিয়ে নিয়ে গেছে ক্ষমতাসীন দলের কর্মীরা। গতরাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পোস্টার ও লিফলেট নিতে ফকিরাপুল প্রেসপাড়ার ঝর্ণা প্রিন্টার্সে গিয়েছিলেন ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু ফায়সাল জিহাদ।

তিনি জানান, সাইফুল ইসলাম ফিরোজের ৩০ হাজার পোস্টার ও ১ লাখ লিফলেট কার্টুনে করে মিনি ট্রাকে তোলা হচ্ছিল। রাত তখন সোয়া ১০টা। হঠাৎ করেই যুবলীগ-ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেখানে আসেন। তারা পোস্টার ও লিফলেট ভর্তি মিনি ট্রাকটি দখলে নেয়।

তারপর ঝর্ণা প্রিন্টার্সসহ আশপাশের প্রেসে হানা দিয়ে বিভিন্ন এলাকার বিএনপি দলীয় প্রার্থীর হাজার হাজার পোস্টার-লিফলেট জোর করে তুলে মিনি ট্রাকসহ নিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমার পোস্টার-লিফলেটগুলো ঝিনাইদহে নেয়ার জন্য যখন মিনি ট্রাকে তোলা হচ্ছিল তখন এমন ঘটনা ঘটে। গ্রেপ্তার-হামলার পর এখন পোস্টার লিফলেট পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

সিএস/সিএম/এসআইজে