স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ২৮ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১২:৩০ পিএম |
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১টার পর ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
বাকি তিন আসামি হলেন- ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক আতিক।
রায়ে বলা হয়েছে, পলাতক সাদেক হোসেন খোকাকে ৪০৯ এবং ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর তিন আসামিকে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এর আগে ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ২৮ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগে থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। অংশগ্রহণ করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপরাপর আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল হতে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি করপোরেশনের ক্ষতি করেছেন।
এ ঘটনায় ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন। মামলাটিতে ২০১২ সালের ৮ নভেম্বর বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট দাখিল হয়।
বিভিন্ন রোগের উন্নত চিকিৎসার জন্য ২০১৪ সালে সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে যান। এখনও তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানা গেছে।
সিএস/সিএম/এসআইজে
