উখিয়া সীমান্তে বিজিপির গুলিতে যুবক গুলিবিদ্ধ

আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১১:০৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

কক্সবাজার | ০৪ নভেম্বর ২০১৮, রোববার, ১১:০০ পিএম |

বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুড়েছে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি)। এঘটনায় নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাকে উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন- গুলিবিদ্ধ যুবক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের সাথে লাগোয়া উখিয়ার বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করতো রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।

প্রতিদিনের ন্যায় আজও সে সীমান্তের পাশাপাশি এলাকায় গরু চরাতে গেলে সীমান্তের ওপার থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে।

পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকে লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছুড়ে বিজিপি। পরে গুলিবর্ষণ থামলে গুলিবিদ্ধ নুরুল ইসলামকে উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হঠাৎ করে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের বিজিপির গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন- রোহিঙ্গা যুবক সীমান্তবর্তী এলাকায় গরু চরাতে গিয়েছিল। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এসময় তার ডান হাতে গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিএস/সিএম/এসআইজে