৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটে পথে পথে ভোগান্তি

আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা: সদ্য সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। আর এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার ভোর ৬টা ধর্মঘট শুরু হয়েছে। যা শেষ হবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

রোববার সকাল ৮টা, পুরান ঢাকার সদরঘাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ, কিন্তু কোনো গণপরিবহন নেই। যাত্রীদের সাথে কথা বলে জানা গেল তাদের বেশিরভাগই অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন। বাকিরা চাঁদপুর, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চে করে সদরঘাট টার্মিনালে এসেছেন, এখন গন্তব্যে যেতে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন।

সেলিম উল্লাহ নামে এক অফিসগামী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বাসের জন্য। তার অফিস মকবাজার। অনেকটা বিরক্ত হয়েই তিনি বলেন, যানবাহন বন্ধ করে এই ভাবে আমাদের মতো সাধারণ মানুষকে বিপাকে ফেলার কোনো মানে হয় না। আরেক অফিসগামী বলেন, আমার অফিস বনানী। কিভাবে যাব বুঝতে পারছি না। তাই পায়ে হেটেই গুলিস্তানের দিকে রওনা হয়েছি।

এছাড়া রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়দাবাদ, শাহবাগ, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায়ও যানবাহন না থাকায় অফিসগামী মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক সময় পর পর দুই-একটি বিআরটিসি বাস আসলেও সেগুলো থাকে ভরা। বাধ্য হয়ে পায়ে হেটেই গন্তব্যে যাচ্ছেন অফিসগামী যাত্রীরা।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। ওই সমাবেশ থেকেই ৪৮ ঘন্টার এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

পরিবহন শ্রমিকদের ৮ দফা দাবি:

১. সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে; ২. শ্রমিকদের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না; ৩. সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে; ৪. ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে; ৫. ওয়েটস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে; ৬. সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে; ৭. গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে; ৮. সব জেলায় শ্রমিকদের ব্যাপকহারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

আজ সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ৮ দফা দাবি উত্থাপন করেছি। সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছি। আমাদের দাবি মানা হয়নি। যে কারণে আমরা পাস হওয়া আইনের কিছু ধারার সংশোধন ও উত্থাপন করা আট দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছি। এই কর্মসূচি সারাদেশে একযোগে শুরু হয়েছে।

সিএস/সিএম/এসআইজে